সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে: পুলিশ সুপার
সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে: পুলিশ সুপার
মীর খায়রুল আলম : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরার দেবহাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।
পুলিশ সুপার বলেন, “সাতক্ষীরা জেলায় ৬০৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে। সবগুলো মণ্ডপের নিরাপত্তার জন্য আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি।” পূজার সময় ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, “পূজার সময় জনগণ ও পূজারী-দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে পূজামণ্ডপে আসতে পারেন এবং নিরাপদে ফিরে যেতে পারেন, সে জন্য নিরাপত্তা ও ট্রাফিক-দুই ব্যবস্থাই গ্রহণ করেছি।”
নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপার আরও বলেন, “আমাদের সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইউনিফর্মধারী পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হবে। আনসার সদস্যদের মোতায়েনের কার্যক্রমও শুক্রবার থেকে শুরু হবে।”
বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, “ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও মন্দির কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আমাদের দারুণ সমন্বয় রয়েছে। সবার সহযোগিতা ও সমন্বয়ের মধ্য দিয়েই সাতক্ষীরা জেলায় উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে।”
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার আরো বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়জিত হোসেন, দেবহাটা থানা ওসি এইচ এম শাহীন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, উপজেলা পূজা উৎযাপন ফ্রন্টের সভাপতি অসীম ঘোষ, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

Leave a Reply