দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের পরিচালনায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দিয়ে সাংস্কৃতিক চর্চা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply