বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
কুলিয়া (দেবহাটা প্রতিনিধি :
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার লক্ষ্যে দেবহাটার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে এক বিশাল অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩ ঘটিকায় স্কুল মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি এ্যাড. জাহাঙ্গীর কবির বাবু।
সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান, কুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা এবং এ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফা। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক ও সুধীসমাজের সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্যা ফাতেমা খাতুন, ইউপি মেম্বার প্রার্থী আমানুল্লাহ, হোসেন আলী, ইউসুফ আলী এবং মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও সুন্দরভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার বাইন। স্থানীয় সুধীজন ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি একটি সফল মিলনমেলায় পরিণত হয়।

Leave a Reply