খানবাহাদুর আহছানউল্লার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান
খানবাহাদুর আহছানউল্লার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান
মনিরুজ্জামান মনি :
অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর জীবন, কর্ম ও অবদানের ওপর সাতক্ষীরায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা ও সমাজ সংস্কারে তাঁর অসামান্য অবদান দেশ-বিদেশে স্বীকৃত হলেও নিজ জন্মভূমি সাতক্ষীরায় নতুন প্রজন্মের কাছে তাঁর কর্ম ও কীর্তি এখনও যথাযথভাবে তুলে ধরা হয়নি। তাঁর স্মৃতিকে ধারণ ও অবদানের স্বীকৃতি হিসেবে সাতক্ষীরায় তাঁর নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণে সরকারি উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।
শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর অবদান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট।
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, দূরদর্শী শিক্ষানুরাগী এবং মানবতাবোধে উদ্বুদ্ধ এক মহান ব্যক্তিত্ব। তৎকালীন অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা-দীক্ষা ও সামাজিক মর্যাদা উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। শিক্ষা বিভাগে কর্মরত থাকাকালে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার পরিবর্তে রোল নম্বর প্রথার প্রবর্তনসহ অসংখ্য যুগান্তকারী সংস্কার তাঁর হাত ধরেই এসেছে।
খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন।
মূল প্রবন্ধে ড. একরাম হোসেন বলেন, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক সাধনায় এক কালজয়ী মহাপুরুষ। তাঁর বহুমুখী জ্ঞান, প্রজ্ঞা ও কর্মের সুফল অবিভক্ত বঙ্গবাসী শতাব্দী ধরে ভোগ করে আসছে। আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি ও সম্প্রীতিমূলক সমাজব্যবস্থার ভিত্তি গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সম্পাদক ইকবাল মাসুদ এবং খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এফএম এনামুল হক।
এ ছাড়া আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাশেম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী আফির আহমদ এবং সমাজসেবক আলহাজ্জ আব্দুর রউফ।
বক্তারা বলেন, খানবাহাদুর আহছানউল্লার অবদান আজ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদগ্ধ সমাজে গভীরভাবে চর্চিত ও স্বীকৃত। অথচ তাঁর জন্ম ও কর্ম-সাধনার পুণ্যস্মৃতিতে ধন্য সাতক্ষীরার সাধারণ মানুষ ও নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান অনেকটাই অজানা ও অনালোচিত। আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে তাঁকে দেখার প্রবণতার কারণে তাঁর শিক্ষা ও সমাজ সংস্কারে অসামান্য অবদান সম্পর্কে যথাযথভাবে জানার সুযোগ অনেকের হয়নি।
বক্তারা তাঁর অবদানের যথাযথ স্বীকৃতি হিসেবে সাতক্ষীরায় তাঁর নামে কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণে সরকারের উদ্যোগ কামনা করেন।
আয়োজকরা জানান, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে ১৯২৪ থেকে ১৯২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান সিন্ডিকেট সদস্য, ব্রিটিশ রয়্যাল সোসাইটির ফেলো, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসের প্রথম ভারতীয় এবং বাংলা একাডেমির প্রথম ফেলোদের অন্যতম ছিলেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বিশ্বখ্যাত আধ্যাত্মিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা।
আয়োজকরা আরও বলেন, ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ, মনন ও আধ্যাত্মিক চেতনার বিকাশে খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর অনন্য অবদান ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে।
সেমিনারে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম ও খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এফএম এনামুল হক উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারে কেন্দ্রীয় আহসানিয়া মিশনের বিভিন্ন শাখা মিশন থেকে দুই হাজার সদস্যা অংশগ্রহণ করেন।

Leave a Reply