কর্মক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি ও তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে দেবহাটায় আলোচনা সভা
কর্মক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি ও তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে দেবহাটায় আলোচনা সভা
দেবহাটা প্রতিনিধি: কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি বাড়ানো, তরুণীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের উৎপাদিত পণ্যের বাজারসংযোগ নিশ্চিত করতে সাতক্ষীরার দেবহাটায় সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় পরিচালিত ইয়াং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট (YWEE) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। তিনি বলেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করলেও ব্রেকিং দ্য সাইলেন্স তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা প্রশংসনীয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন। তরুণীদের উৎপাদিত পণ্যের বাজারসংযোগ তৈরি এবং তাঁদের ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় তরুণীদের কর্মসংস্থানের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ প্রদানই যথেষ্ট নয়; প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আয়বর্ধক কার্যক্রম পরিচালনা, পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরির সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
ব্রেকিং দ্য সাইলেন্সের YWEE প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও অগ্রগতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলাম। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাব্য ক্ষেত্র তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী শেখ সোহেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন YWEE প্রকল্পের প্রশিক্ষক আল মামুল ও কমিউনিটি মোবিলাইজার সোনিয়া সুলতানা।
সভায় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সমবায় বিভাগ, কৃষি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, সিপিপি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের অংশগ্রহণকারী তরুণীরা উপস্থিত ছিলেন।
সভায় তরুণীদের দক্ষতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাঁদের উৎপাদিত পণ্যের জন্য টেকসই বাজারব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply