আশাশুনিতে পৈতৃক সম্পত্তি থেকে ভাই-বোনদের বঞ্চিত করার অপচেষ্টা
আশাশুনিতে পৈতৃক সম্পত্তি থেকে ভাই-বোনদের বঞ্চিত করার অপচেষ্টা
সমীর রায়, আশাশুনি :
আশাশুনিতে পৈতৃক সম্পত্তি থেকে ভাই-বোনদের বঞ্চিত করার অপচেষ্টার প্রতিবাদে প্রশাসনিক সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন।
বৃহস্পতিবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কাকবাসিয়া গ্রামের মোংলাই সানার ছেলে আব্দুল জলিল সানা।
তিনি বলেন, আমার পিতা মোংলাই সানার বয়স বর্তমানে ৮৪ বছর চলছে। আমরা ৫ ভাই যথাক্রমে রশিদ সানা, আব্দুল মজিদ সানা, মৃত খলিলুর রহমান সানা, আব্দুল জলিল সানা ও আব্দুল গফুর সানাসহ ৩ বোন মৃত আলেয়া, শাহানারা ও জাহানারা।
আমার পিতা বয়সের ভারে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি হারিয়ে এখন শিশুসুলভ আচরণ করে থাকে। তার সরলতার সেই সুযোগ নিয়ে আমার ভাই রশিদ, মজিদ, গফুর ও মৃত খলিলের ছেলে সেনা সদস্য বিল্লাল হোসেন আমার বৃদ্ধ পিতার কাছ থেকে জমি লিখে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে পায়তারা করে যাচ্ছে।
তার জের ধরে গত রবিবার (২২ নভেম্বর) ছলচাতুরি করে তারা আমার সহজ সরল বৃদ্ধ পিতাকে আশাশুনি সদরে নিয়ে আসে। তারপর একটি দলিল লেখার সেরেশতা থেকে খাজরা, মনিপুর ও কাকবাসিয়া মৌজা থেকে জমি লিখে নেওয়ার সমস্ত কার্যক্রম সম্পন্ন করে ফেলে। খবর পেয়ে আমি আশাশুনি আসার পথে কেয়ারগাতি মোড় সংলগ্ন এলাকায় পৌঁছালে আমার ভাই মজিদ ও ভাইপো জামাল আমাকে বাধা দিয়ে মারপিট করতে উদ্যত হয়। আমি কোনরকমে পালিয়ে সাব রেজিস্ট্রার অফিসে এসে বিষয়টি স্যারকে অবহিত করি। স্যার পারিবারিকভাবে বিষয়টি মেটানোর জন্য এক সপ্তাহের সময় দিয়েছেন। কিন্তু সেই দিন থেকে আমার বৃদ্ধ আব্বাকে ভাইপো বিল্লাল হোসেন ও অন্যান্য ভাইয়েরা লুকিয়ে রেখেছেন। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় আমরা পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে আছি। ইতোপূর্বে বেলালের হুকুমে গত ১৭ই অক্টোবর ভাই গফুর, ভাইপো জামাল, বাপ্পি ও বাশারুল বাড়িতে আমাকে সহ আমার স্ত্রী কন্যাকে মারপিট করে গুরুতর আহত করেছে।
আমি ও আমার তিন বোন যাতে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত না হয়ে যাই এবং বৃদ্ধ পিতার সরলতার সুযোগ নিয়ে বিল্লাল ও অন্যান্য তিন ভাই যাতে পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করতে না পারে সে ব্যবস্থা নিতে তিনি প্রশাসনিক সহায়তা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল জলিলের জামাতা। এসময় তার ২ বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply