আশাশুনি ইউসিসিএ’র ৪১তম বার্ষিক সাধারণ সভা
আশাশুনি ইউসিসিএ’র ৪১তম বার্ষিক সাধারণ সভা
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, ঋণ আদায় কার্যক্রম জোরদার এবং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন আশাশুনি ইউসিসিএ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু।
জুনিয়র হিসাবরক্ষক কর্মকর্তা সঞ্জয় দত্তের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউসিসিএ চেয়ারম্যান মনিরুজ্জামান ও স ম সেলিম রেজা এবং ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় সমবায় সমিতিগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করা, কৃষকদের উন্নয়নে সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ, ঋণ পরিশোধে সদস্যদের উৎসাহিত করা এবং সমিতিগুলোর আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষকদের স্বাবলম্বী করা এবং পল্লী উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে আলোচনা হয়।
সভায় উপজেলার ৫৯টি কৃষক সমবায় সমিতির ম্যানেজাররা উপস্থিত ছিলেন। বক্তারা সমবায়ের মূল চেতনা ধারণ করে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে কৃষক এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে দ্রুত ঋণ পরিশোধে অবদান রাখায় তিনটি কৃষক সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে মধ্য কাঁকড়াবুনিয়া কৃষক সমবায় সমিতি প্রথম, রামনগর দক্ষিণপাড়া কৃষক সমবায় সমিতি দ্বিতীয় এবং নাকতাড়া কৃষক সমবায় সমিতি তৃতীয় স্থান অর্জন করে।

Leave a Reply