পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস
পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছায় শিবসা নদীতে অভিযান চালিয়ে তিনটি ছান্দি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন অভিযান পরিচালনাকারীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গড়ইখালী এলাকার শিবসা নদীতে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নৌ পুলিশের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে ব্যবহৃত তিনটি ছান্দি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ইলিশ দেশের জাতীয় সম্পদ ও মৎস্যসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন নিশ্চিত করা এবং নদ-নদীতে মাছের স্বাভাবিক বিচরণ বজায় রাখতে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। এ জন্য মা ইলিশ সংরক্ষণে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নের অংস হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply