আশাশুনির প্রতাপনগরে ৫ শতাধিক পশুপাখিকে টিকা প্রদান
আশাশুনির প্রতাপনগরে ৫ শতাধিক পশুপাখিকে টিকা প্রদান
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মাদারবাড়ি ও নাকনা এলাকায় ৫ শতাধিক গবাদিপশু ও হাঁস-মুরগিকে টিকা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে আয়োজিত এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম। এছাড়া আরোও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ কর্মকর্তা প্রজেক্ট অফিসার মোঃ আসাদুল হাসান ও ফিল্ড ফেসিলিলেটর মোঃ হেদায়েত উল্লাহ খান।
বেসরকারি উন্নয়ন সংস্থা “ফ্রেন্ডশিপ” এর Assistance for Sustainable Development (ASD) through Disaster Risk Management প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এতে আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন এফডিএমসি (FDMC) সদস্যবৃন্দ। সার্বিক বাস্তবায়নে ছিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, আশাশুনি, সাতক্ষীরা।
কর্মসূচিতে মাদারবাড়ি ও নাকনা এলাকার খামারি এবং স্থানীয় বাসিন্দারা তাঁদের গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি নিয়ে অংশগ্রহণ করেন। প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে এসব পশুপাখিকে প্রয়োজনীয় টিকা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: আব্দুস সালাম বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা প্রদান করা হলে পশুপাখির রোগব্যাধি ও মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি থেকেও সুরক্ষা দেওয়া সম্ভব।
এ ধরনের উদ্যোগ স্থানীয় প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, খামারিদের অর্থনৈতিক নিরাপত্তা এবং দুর্যোগঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই জীবিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply