আশাশুনিতে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা
আশাশুনিতে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা
সমীর রায়, আশাশুনি : জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালীতে “ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কামালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও মৌমাছি, সাতক্ষীরার বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কামালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।
মৌমাছির পি.ও প্রশান্ত মিস্ত্রীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পলাশ মন্ডল, মাওলানা আব্দুল মজিদ, মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মরিয়ম খাতুন।
প্রধান অতিথির বলেন, যুবসমাজ দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে ধূমপান, তামাকজাত দ্রব্য ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে। নিজেদের এসব ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে।
বিশেষ অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে গড়ে তুলতে হবে। মাদক ও ধূমপানের বিরুদ্ধে পরিবার, শিক্ষক, অভিভাবক এবং যুবসমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
যুবসমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে একটি মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গঠন করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত যুবসমাজের প্রতিনিধিবৃন্দ ধূমপান ও মাদক থেকে নিজেরা বিরত থাকা এবং অন্যদের সচেতন করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply