সংখ্যালঘু নির্যাতনে কঠোর অবস্থানে থাকবে যুব ঐক্য পরিষদ
সংখ্যালঘু নির্যাতনে কঠোর অবস্থানে থাকবে যুব ঐক্য পরিষদ
নিজস্ব প্রতিনিধি: তারুণ্যের ঐক্য, মানবিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নিখিল কুমার বালা
সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য সাহা ,সহসাংগঠনিক সম্পাদক মিঠুন বিশ্বাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশন সভাপতি স্বপন বৈরাগি ,সাধারণ সম্পাদক পৌল সাহা ,বিশিষ্ট ব্যবসায়ী কিনু বিশ্বাস, কাথন্ডা দুর্গা মন্দিরের সভাপতি নির্মল সরদার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে অমিত কুমার ঘোষ বলেন, “সাতক্ষীরার মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না, কোনো ভূমিদস্যুর স্থান হবে না। সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ নির্ভয়ে, সম্মানের সঙ্গে বসবাস করতে পারবেন।”
তিনি আরও বলেন, “কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি নির্যাতন, নিপীড়ন, হয়রানি কিংবা অন্যায়ের শিকার হন, তাহলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ তাঁদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে। এসব অন্যায়ের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।”
অমিত কুমার ঘোষ বলেন, “বাংলাদেশ যুব ঐক্য পরিষদ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের লক্ষ্য ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার রক্ষায় আমাদের সংগঠন সব সময় সোচ্চার থাকবে”।সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার গোপাল গোস্বামী ও বাপ্পা দাশ, সাতক্ষীরা সদর উপজেলার দেবদাস সেন ও জয়দেব সরকার এবং সাতক্ষীরা পৌরসভার বাধন ঘোষ। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা তারুণ্যের ঐক্য সুদৃঢ় করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অন্যায়, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সাংগঠনিক ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, নবগঠিত কমিটিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করতে হবে।অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনকারী দরিদ্র মেধাবী শিক্ষার্থী সৌরভ মণ্ডলকে ব্যবসায়ী কেশব সাধুর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে তাঁর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ ছাড়া একজন সংগ্রামী যুবক রামপ্রসাদ তরফদার এর কর্মস্পৃহাকে সম্মান জানিয়ে আহ্বায়ক অমিত কুমার ঘোষের পক্ষ থেকে শারদীয় উপহার প্রদান করা হয়।
সাতক্ষীরা জেলার যুব উদ্যোক্তা এবং সাতক্ষীরার পণ্যের প্রমোটার অনুপ নন্দীকে তাঁর উদ্যোক্তা-সুলভ উদ্যোগ ও কর্মপ্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ‘যুব উদ্যোক্তা সম্মাননা’ প্রদান করা হয়।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি, সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং যুবসমাজকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক, সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয়।

Leave a Reply