শ্যামনগর ও আশাশুনিতে নারী বাঁধ সুরক্ষা দলের কোয়ার্টারলি লিডার মিটিং সম্পন্ন
শ্যামনগর ও আশাশুনিতে নারী বাঁধ সুরক্ষা দলের কোয়ার্টারলি লিডার মিটিং সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলার উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চল শ্যামনগর ও আশাশুনি উপজেলার চারটি ইউনিয়নে সক্রিয় ২০টি ‘নারী বাঁধ সুরক্ষা দল’-এর তৃতীয় কোয়ার্টারের কোয়ার্টারলি লিডার মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া ধারাবাহিক মিটিংগুলো আজ ৮ সেপ্টেম্বর শেষ হয়েছে।

এম্বেসি অব সুইডেন, ঢাকা এবং ইউএন উইমেনের আর্থিক সহায়তায় এবং ‘বিন্দু নারী উন্নয়ন সংগঠন’-এর বাস্তবায়নে “জেন্ডার রেসপন্সিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (জিআরডিআরআরআইবি)” প্রকল্পের আওতায় মিটিংগুলোর আয়োজন করা হয়।

মিটিংগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৫টি, পদ্মপুকুর ইউনিয়নের ৫টি এবং আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৫টি ও প্রতাপনগর ইউনিয়নের ৫টিসহ মোট ২০টি নারী বাঁধ সুরক্ষা দলের ৩০০ জন সদস্য অংশগ্রহণ করেন।

কোয়ার্টারলি ইপিজি লিডার মিটিংগুলোতে বিগত তিন মাসের কার্যক্রমের মূল্যায়ন, বাঁধ রক্ষায় স্থানীয় পর্যায়ে নারীদের ভূমিকা শক্তিশালী করা, পরিবেশ সংরক্ষণ ও বাঁধ সুরক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা, বেড়িবাঁধে গাছ রোপণের কৌশল, গাছের পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সুরক্ষা, স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও বেড়িবাঁধ ব্যবস্থাপনা, দুর্যোগ মৌসুমের প্রস্তুতি ও আগাম সতর্কবার্তা প্রচারে নারী বাঁধ সুরক্ষা দলের ভূমিকা, পশুপাখি ও গৃহস্থালি সম্পদের সুরক্ষা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া, উপকূলীয় এলাকার ভঙ্গুর বেড়িবাঁধ রক্ষায় নারীরা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন, সভায় তার ব্যাপক প্রশংসা করা হয়। পাশাপাশি বাঁধ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কোয়ার্টারলি লিডার মিটিংগুলো উপকূলীয় নারীদের নেতৃত্বের বিকাশ এবং নিজেদের বসতি, জীবন ও জীবিকা রক্ষায় আরও সাহসী ও কার্যকর ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারী নারী বাঁধ সুরক্ষা দলের নেত্রীরা।

Leave a Reply