উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি প্রসারে কৃষক মাঠ দিবস পালিত
উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি প্রসারে কৃষক মাঠ দিবস পালিত
উপকূলীয় প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট লবণাক্ততা, জলাবদ্ধতা ও মিঠা পানির সংকট মোকাবেলা করে উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কালিগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর গ্রামে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর বাস্তবায়নে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (GAIN)-এর অর্থায়নে পরিচালিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে স্থানীয় প্রায় ৯০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে লবণ সহনশীল ও উচ্চ ফলনশীল জাতের মিষ্টি কুমড়া (সুইটি এফ-১ ও মায়া এফ-১), ব্রি ধান-১০৩, বিনা ধান-২৩, ব্রি ধান-১১২ এবং তরমুজ চাষের পদ্ধতি, উৎপাদন প্রক্রিয়া ও দেশি জাতের সাথে এসব জাতের পার্থক্য নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষকরা এসব জাত ও পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন এবং নিজ জমিতে তা অনুশীলনের আগ্রহ প্রকাশ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, উপকূলীয় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার কৃষকরা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এই পরিস্থিতি মোকাবেলায় ‘কল’ প্রকল্পের মাধ্যমে বিগত মৌসুমে ৩৮৬ জন কৃষকের মাঝে জলবায়ু সহনশীল শাকসবজি, নেপিয়ার ঘাস, কমলা সুন্দরী মিষ্টি আলু এবং ঘেরের আইলে বস্তা ও মাচা পদ্ধতিতে সবজি ও ধান চাষের প্রদর্শনী করা হয়। প্রদর্শনীগুলোর ফলাফল স্থানীয় কৃষকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বিষ্ণুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জি. এম. আব্দুল কাদের। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে কৃষকদের কারিগরি পরামর্শ দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফকির তৈয়েবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য লাভলী পারভীন, লিডার্স-এর ‘কল’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান, মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply