সরকারি সম্পত্তি রক্ষায় সোচ্চার ভুমি কর্মকর্তার আকস্মিক বদলি!
সরকারি সম্পত্তি রক্ষায় সোচ্চার ভুমি কর্মকর্তার আকস্মিক বদলি
আরিফুল ইসলাম :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসের সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল ও লুটপাট রোধে সোচ্চার থাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মো. রফিকুল ইসলামকে একটি প্রভাবশালী মহলের অনৈতিক চাপে তড়িঘড়ি করে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারি জমি রক্ষায় সাহসী ভূমিকা পালন করায় এই কর্মকর্তাকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। গত ০৪ নভেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসনের রাজস্ব (এসএ) শাখার এক অফিস আদেশে মো. রফিকুল ইসলামকে বুধহাটা ইউনিয়ন ভূমি অফিস থেকে তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। এই বদলির পেছনে একটি প্রভাবশালী সিন্ডিকেটের নগ্ন হস্তক্ষেপ কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব জমিতে খেলার মাঠ তৈরিতে একটি প্রভাবশালী মহল জোর চেষ্টা চালায় এতে ভূমি কর্মকর্তা বাধা দেওয়ার তারা ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেয় এবং সেখানে লাগানো উঠতি ধান নষ্ট করে দেয়। এছাড়া পাইথালী বাজারে পেরীফেরী ভূক্ত জমিতে ৭৭টি অবৈধ দোকারঘর আছে । সম্প্রতি নতুনভাবে অবৈধভাবে আরও ২টি দোকান ঘর নির্মাণ করার চেষ্টা চালালে ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম তাতে বাধা দেন এবং নির্মান কাজ বন্ধ করে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বলেন যে নায়েব বদলি করার পর তারা এ কাজ করবেন।
এ ছাড়াও এলাকার একটি সরকার দলীয় প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন এবং সরকারি খাস জমি থেকে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে নির্বিচারে মাটি কেটে পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংস করে আসছিল। নায়েব রফিকুল ইসলাম এই অবৈধ কার্যক্রমগুলোতে কঠোরভাবে বাধা প্রদান করেন। সবচেয়ে বড় বিষয় হলো, জাল ও তঞ্চকি (জালিয়াতি) মূলক কাগজপত্র তৈরি করে একটি চক্রের বেআইনি নামজারী (মিউটেশন) করার আবেদন তিনি কোনোভাবেই প্রশ্রয় দেননি এবং তা আটকে দেন। এতে ওই প্রভাবশালী সিন্ডিকেট ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে এবং উপরমহলে লবিং চালিয়ে তাকে আকস্মিক বদলি করাতে বাধ্য করে। দুর্নীতি ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে এভাবে শাস্তি হিসেবে বদলি করায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা করা যেখানে একজন কর্মকর্তার মূল দায়িত্ব, সেখানে ভূমিখেকো ও প্রভাবশালী মহলের স্বার্থে এ ধরনের বদলি প্রশাসনিক কাজের গতি কমাবে।
এ বিষয়ে অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহার করে বুধহাটা ইউনিয়নের সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন জনগণ।

Leave a Reply