পাইকগাছার লস্কর-বাইনতলায় শিবসা নদীতে প্রতিমা বিসর্জন
পাইকগাছার লস্কর-বাইনতলায় শিবসা নদীতে প্রতিমা বিসর্জন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার লস্কর-বাইনতলায় বিজয়া দশমী উপলক্ষে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আড়ং মেলার মধ্য দিয়ে শিবসা নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীর শেষ ভাগে শিবসা নদীর দুই পাড়ে উৎসুক নারী-পুরুষের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। এ সময় নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, লস্কর সার্বজনীন পূজামন্দিরসহ করুলিয়া, স্বরণখালী, ঢেমসাখালী, উত্তর খড়িয়া, পূর্ব খড়িয়া ও লেবুবুনিয়ারচকসহ ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপের মধ্যে অধিকাংশ মণ্ডপের প্রতিমা শিবসা নদীতে বিসর্জন দেওয়া হয়।
বিকেলে আড়ং মেলার উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ (এমবিবিএস)।
আড়ং মেলার সভাপতি বিপুল সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য তুষার কান্তি মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির নেতা সেলিম রেজা লাকি, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সন্তোষ কুমার সরকার ও মৃত্যুঞ্জয় সরকার, পৌরসভার কেন্দ্রীয় (সরল) মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কেএম আসাদুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদির।
এ ছাড়া উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সম্পাদক বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় আয়োজকরা সরকার, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক দল এবং পল্লী বিদ্যুৎ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এবারই প্রথম এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় লস্কর-বাইনতলায় এ আড়ং মেলার আয়োজন করা হয়।

Leave a Reply