সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন
সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন
মনিরুজ্জামান মনি :
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০০ বিজিবি সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। জেলার সীমান্তবর্তী কলারোয়া ও সাতক্ষীরা সদর এলাকায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় তাঁরা দায়িত্ব পালন করছেন।
৩৩ বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরসংলগ্ন তিন কিলোমিটারের মধ্যে আরও ৯টিসহ মোট ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব সংশ্লিষ্ট এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা মোতায়েন করা বিজিবি সদস্যদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। এ ছাড়া যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply