সাতক্ষীরায় পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ধর্ষকের আদালতে স্বীকারোক্তি
কলারোয়ায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ: সাতক্ষীরায় পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ধর্ষকের আদালতে স্বীকারোক্তি
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছরের এক কিশোরীকে লোভ দেখিয়ে বরই বাগানে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্ত আসামি মোঃ জিয়ারুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে আসামি।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ভিকটিম মাঠে গরুর জন্য ঘাস কাটতে গেলে আসামি জিয়ারুল ইসলাম তাকে কমলা লেবু, বাদাম ও আখ খাওয়ানোর কথা বলে স্থানীয় একটি বরই বাগানে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হলে (মামলা নং-২০, তারিখ: ২৮/০৯/২০২৬, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)) পিবিআই সাতক্ষীরা জেলা তদন্তভার গ্রহণ করে।
পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশনা এবং পিবিআই খুলনা ও সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অনিমেশ কুমার মন্ডলের নেতৃত্বে পিবিআইয়ের একটি চৌকস দল গত ২৮ সেপ্টেম্বর ভোর ৪টা ১০ মিনিটে যশোর জেলার ঝিকরগাছা থানার শ্রীরামকাঠী এলাকা থেকে আসামি জিয়ারুলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জিয়ারুল ইসলাম কলারোয়া উপজেলার খলসী উত্তরপাড়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়ারুল ধর্ষণের বিষয়টি স্বীকার করে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। বর্তমানে মামলাটির তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply