পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে ‘দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট ও গাইনি বিশেষজ্ঞ ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. প্রান্ত সরকার, ডা. নয়ন কুমার সরকার ও ডা. তানভীর আহমেদ।
এ ছাড়া নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, জয়ন্তী, সরোয়ার হোসেন ও শাহআলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, সর্পদংশনে মৃত্যু ও স্থায়ী অক্ষমতা কমাতে জনসচেতনতা বাড়ানো জরুরি। দেশে সর্পদংশনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাই সাপে কাটার পর কোনো ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত।

Leave a Reply