ইয়াবাসহ র্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. মনিরুল গাজী ওরফে চামড়া মনিরকে ১৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. মনিরুল গাজী ওরফে চামড়া মনির কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত মোজাম্মেল গাজীর ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর একটি কোম্পানী কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের সদর হাসপাতাল এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করার জন্য কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় মো. মনিরুল গাজীর গতিবিধি লক্ষ করে তাকে আটক করা হয়। উপস্থিত জনগণের সামনে তার দেহ তল্লাশি করে ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। র্যাব আরো জানায়, মো. মনিরুল গাজী ওরফে চামড়া মনিরের নামে কলারোয়া থানায় মাদক মামলার ওয়ারেন্ট মূলতবী আছে।

Leave a Reply