প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু যৌন হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রথম শ্রেণির শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুরে আশাশুনির বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। শিশুটির মা জানান, ঘটনার দিন দুপুরে আমার প্রথম শ্রেণি পড়–য়া মেয়েটিকে তিন তলার ছাদে নিয়ে যায় স্কুলের প্রধান শিক্ষক রাহাজ্জান আলী। এরপর নিজে বিবস্ত্র হয়ে আমার মেয়েকে বিবস্ত্র হতে বললে সে ভয় পেয়ে কাঁদতে থাকে।
এসময় আমার বড় মেয়ে তাকে খুঁজতে খুঁজতে নীচ থেকে তাকে ডাক দিলে আমার শিশু মেয়েটি কাঁদতে কাঁদতে নীচে নেমে আসে। এরপর আমার ওই শিশু মেয়ের মুখেই আমি বিষয়টা জানতে পারি। এ সময় আমি ওই শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি আরো জানান, ঘটনার সময় আমার স্বামী বাড়িতে ছিলেন না। পরে আমার স্বামী বাড়ি ফিরলে তাকে সব বলি। সে ওই রাতেই বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কল্যাণ গাইনকে অবহিত করেন। তিনি শনিবার স্কুল খুললে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। শিশুটির মা আরো জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে যৌন হয়রানির ঘটনা জানাজানি হওয়ার পর সাংবাদিকদের সামনে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও লোমহর্ষক ঘটনা তুলে ধরে একই স্কুলের ৩য় শ্রেণির এক ছাত্র। সে জানায় গত কয়েক দিন আগে স্যার জোর করে ধরে আমাকে দিয়ে একটা খারাপ কাজ করিয়েছেন। স্যার খুব খারাপ। তবে বিষয়টি জানতে পেরে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবিরের নির্দেশে এস আই জুয়েল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কল্যাণ গাইন জানান, ঘটনাটি শিশুটির বাবা মায়ের মুখ থেকে শুনেছি। এ নিয়ে সহকারী শিক্ষা অফিসার আবু সেলিমের সাথে কথা বলেছি তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের বলেছি অভিযোগ দিতে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’। অভিযুক্ত প্রধান শিক্ষক রাহাজ্জান আলী সব অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলের পরিবেশ বিনষ্টকারীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদিকে বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুর পরিবার সহ স্কুলের অন্যান্য অভিভাবকবৃন্দ।

Leave a Reply