কাউন্সিলরের বাড়ির সামনে থেকে দিনের আলোয় মোটরসাইকেল উধাও
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পৌর কাউন্সিলর মো. শফিক-উদ-দৌলা সাগর কমিশনারের বাড়ির সামনে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। কাউন্সিলরের বাড়ির সামনে থাকা সিসি টিভির ফুটেজে চুরির ঘটনা দেখা গেলেও তাৎক্ষণিক চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাজ্জাত খান সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরের রসুলপুর পশ্চিম পাড়া এলাকার সাত্তার খানের ছেলে মো. সাজ্জাত খান (২৮) শনিবার সকাল ৮টার দিকে ব্যক্তিগত প্রয়োজনে পলাশপোল এলাকায় কাউন্সিলর শফিক-উদ-দৌলা সাগরের বাড়িতে যান। এ সময় মো. সাজ্জাত খান তার ব্যক্তিগত ডিসকভার ১১০ সিসির মোটরসাইকেলটি কাউন্সিলর এর গেটের সামনে রেখে যান। কাজ শেষে প্রায় আধাঘণ্টা পরে বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। কে বা কারা মোটরসাইকেলটি চুরি করেছে। পরে কাউন্সিলরের বাড়ির সিসি টিভির ফুটেজে দেখা যায় লাল-গোলাপী রংয়ের গেঞ্জি এবং মুখে মাস্ক পরিহিত এক যুবক মো. সাজ্জাত খানের মোটরসাইকেলটি কৌশলে স্টার্ট দিয়ে চালিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী মো. সাজ্জাত খান জানান, আমি এক সপ্তাহ আগে ১ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি কিনেছি। আমার মোটরসাইকেলের ইঞ্জিন নং ৩০০৯৬, চেচিস নং ৯৪০৪৭। কিন্তু আজকেই আমার মোটরসাইকেলটি চুরি হয়ে গেলো। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, ‘অভিযোগ পেয়েছি। মোটরসাইকেলটি উদ্ধার কাজ চলমান আছে’।

Leave a Reply