ঢাকাMonday , 31 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 May 2021, 22:40

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মহামারি করোনা ভাইরাস এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়-‘সাতক্ষীরায় এখনই লকডাউন নয়’ সবদিক বিবেচনা করে আগামী ৩ জুন তারিখের মিটিংয়ে সাতক্ষীরায় লকডাউন হবে কি হবে না সে বিষয়ে জেলা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

করোনার সংক্রমন রোধে সাতক্ষীরা জেলায় বেশকিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সাতক্ষীরা সীমান্তের চোরাপথ দিয়ে অবৈধ লোকজনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এজন্য সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা সাতক্ষীরা সদর, কলারোয়া, কালিগঞ্জ, দেবহাটা এবং শ্যামনগরের কৈখালি ইউনিয়ন সংলগ্ন সীমান্ত পাহারায় স্থানীয়ভাবে প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকছেন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, বিজিবি প্রতিনিধি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ। প্রতিরক্ষা কমিটি সীমান্তের চোরাচালানী, মানুষ পাচারকারী এবং অবৈধ যাতায়াতকারীদের চিহ্নিত করবে। একইসাথে তাদের বাড়িঘর এবং চলাফেরার ওপর কড়া নজরদারি রাখা হবে। সাতক্ষীরা জেলা করোনা রেড এলার্টের আওতায় আনা হয়েছে। এছাড়া সীমান্ত গলিয়ে লোকজনের অবৈধ পারাপার রোধ করতে বিজিবি মাঠে রয়েছে। ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন আসা ৩০০ পন্যবাহী গাড়ির ৫ শতাধিক চালক ও হেলপার যাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতে না পারে সে ব্যাপারেও বাধানিষেধ জারি করা হয়েছে। এদিকে করোনা সংক্রমন রোধে প্রত্যেককে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে ভ্রাম্যমান আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করতে পারবে।

বৈঠকে আরো জানানো হয় বর্তমান করোনা সংক্রমনের হার কতটা তা নিশ্চিত করে আগামী ৩ জুন তারিখে সাতক্ষীরা জেলায় লকডাউনের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে, সাতক্ষীরায় গতকাল দুপুর পর্যন্ত ১৩৫ জন করোনা রোগী রয়েছেন। তাদের মধ্যে ৫৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা রোগীর ধারন ক্ষমতা না থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালে বেশ কয়েকজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সভা থেকে জানানো হয়। এসময় জেলা করোনা প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *