কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে খাওয়ার অনুপযোগী অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দোকান কর্মচারী আব্দুল কাদের জিলানী (২৮) নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার শেখ লুৎফর রহমানের ছেলে। থানা সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ফুলতলা মোড়ে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার দেলোয়ার কসাইয়ের ছেলে লুৎফর কসাইয়ের দোকানে মরা গরু জবাই হচ্ছে এমন খবরের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপ-পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করেন। এসময় ওই দোকানে থাকা একই এলাকার শেখ গফ্ফারের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও বাবুর আলীর ছেলে লিটন হোসেন (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দোকান কর্মচারী জিলানী আটক হয়। পরবর্তীতে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম উপস্থিত হয়ে দোকান কর্মচারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। দোকান মালিক লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম ও লিটনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে তাদেরকে জরিমানা করা হয়নি।

Leave a Reply