কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিস একটি অকার্যকর অফিসে পরিণত হয়েছে …উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী
নিজস্ব প্রতিনিধি : ‘জাপানের একজন যুবকের হাতে যদি ১০ কেজি রড দেওয়া হয় তাহলে সে স্বপ্ন দেখে নতুন কিছু আবিষ্কার করার। অথচ আমাদের দেশের যুবকরা দা, খুন্তি, বটি বানানোরও স্বপ্ন দেখে না। এটাই হল দুই দেশের যুবকদের মধ্যে পার্থক্য’। রবিবার (০১ নভেম্বর) বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী এসব কথা বলেন। নিজেকে একজন গর্বিত কৃষক পরিচয় দিয়ে উপজেলা চেয়ারম্যান আরও বলেন, আমি মাত্র ৭ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন কোটি কোটি টাকার মালিক। আমি যদি একজন কৃষক হয়ে উপজেলা চেয়ারম্যান হতে পারি আপনারা কেন পারবেন না। উপজেলা চেয়ারম্যান দু:খ প্রকাশ করে বলেন, উপজেলা যুব উন্নয়ন অফিস একটি অকার্যকর অফিসে পরিণত হয়েছে। এখানে যাদেরকে ঋণ দেওয়া হচ্ছে তাদের প্রায় সবাই পুরোনো মুখ। একই লোককে বার বার দেওয়া হচ্ছে ঋণ। এদেরকে এখানে সাজিয়ে আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, যুবকদের মধ্যে জাকির হোসেন, লিডার্সের সুলতানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম। সভা শেষে ১৫ জন যুবকের মধ্যে ৭ লক্ষ ১৫ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।

Leave a Reply