আশাশুনিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও শ্রীউলা ইউনিয়নে নতুন করে স্বাধীনতা বিরোধী নাশকতা মামলার আসামি, সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদকসেবীরা এক হয়ে এলাকায় অরাজকতা সৃষ্টি এবং সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানালে তাতে উপস্থিত ইউপি চেয়ারম্যানবৃন্দ একমত পোষণ করেন। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির বলেন, অপরাধীরা যত বড় শক্তিশালী ও ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা প্রয়োজন আমি তা করব কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোসাদ্দেক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply