কালিগঞ্জে চালু হয়েছে অনলাইনে কোরবানির পশুর হাট
শেখ শাওন আহমেদ সোহাগ: মহামারি করোনা প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের যৌথ উদ্যোগে অনলাইনে কোরবানির পশুর হাট চালু হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, অন্যান্য বছরের মতো গবাদি পশুর বাজার জমবে কিনা তা নিয়ে বিক্রেতাদের শঙ্কার সংবাদ আমাদের কাছে রয়েছে। এ অবস্থা মোকাবিলা করতে আমরা অনলাইন প্ল্যাটফরমে পশু বিক্রির উদ্যোগ গ্রহণ করেছি। জেলা প্রশাসন নিয়ন্ত্রিত https://brandszone.com.bd/ নামক ওয়েব সাইটে প্রবেশ করে যে কেউ পশু ক্রয়/ বিক্রয় করতে পারবে। যে কোন ব্যবসায়ী নিজে বা উপজেলা প্রশাসনের প্রশিক্ষিত উদ্যোক্তা বা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণের মাধ্যমে বিক্রির জন্য তার পশুর তথ্য ওয়েব সাইটে প্রদান বা আপলোড করতে পারবেন।
সামগ্রিক আপলোডের কাজ তদারকি করবে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। ইতোমধ্যে ওই মার্কেটপ্লেইসে কালিগঞ্জের ৪১৩ টি গরু বিক্রির জন্য আপলোড করা হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ আছাবুর রহমানের নেতৃত্বে প্রায় ৫০ জন মাঠ কর্মী আপলোডের কাজ করছেন। যাতে এ সেক্টরে করোনার কারণে ধস না নামে। তথ্য আপলোডের বিষয়ে এনজিওদের সহায়তা নেয়া হচ্ছে, ওয়াল্ড ভিশন ও নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা ও মাঠ কর্মীগণ কাজ করছেন। প্রাণী সম্পদ বিভাগের প্রতি ইউনিয়নে নিয়োগকৃত ১ জন স্বেচ্ছাসেবক এ লক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সাথে কাজ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ক্রেতাগণ বাড়িতে বসে সারাদেশে বিক্রি হবে এমন একাধিক পশুর ছবি, ভিডিও, দাম, ওজন, বয়স, দাঁতের সংখ্যা, কোন বাড়ি বা ফার্মের গরু, স্বাস্থ্যবান কিনা সে তথ্য দেখতে পাবে। যদি কোন ক্রেতার গরু/ ছাগল পছন্দ হয় তাহলে তিনি বিক্রেতার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে সরেজমিন গিয়েও ক্রয় করতে পারবে বলে জানান তিনি। এদিকে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের জনগণ।

Leave a Reply