কালিগঞ্জে সাংবাদিকের উপর হামলা
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক হাবিবুল্ল্যাহ বাহারের উপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) বেলা ৫ টার দিকে উপজেলা মোমরেজপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে। সে যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তন পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছে।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘দীর্ঘদিন যাবৎ ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে সংবাদ কর্মী হাবিবুল্ল্যাহ’র সাথে একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মাদকাসক্ত হারুন-অর রশিদের (২৭) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে শনিবার বিকেলে সংবাদ কর্মী হাবিবুল্ল্যাহ পেশাগত দায়িত্ব পালনের জন্য কালিগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে হারুন-অর রশিদ, তার দুই ছোট ভাই হুমায়ূন কবির সাহেব (২০) ও আল-আমিন (১৮) সংঘবন্ধভাবে সংবাদ কর্মী হাবিবুল্ল্যাহর গতিরোধ করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।
পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সংবাদ কর্মী হাবিবুল্ল্যাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জানান, হাবিবুল্ল্যাহর বাঁ চোখ ও মাথা মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে। চোখ দিয়ে রক্ত ঝরছে। সেজন্য উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply