দেবহাটায় আম্পানে সব হারিয়ে মনিরুল ইসলামের পরিবারের মানবেতর জীবন যাপন
মীর খায়রুল আলম : সাম্প্রতিক ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে সব হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন দেবহাটার মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির পরিবার। ঘূর্ণিঝড়ে সব হারিয়ে মানবেতর যাপন করলেও মেলেনি কোন সরকারি, বে-সরকারি সাহায্য সহায়তা। উপজেলার বসন্তপুর গ্রামের খালের পাড়ে ২ ছেলে, এক মেয়ে সহ মোট ৬জন সদস্য নিয়ে বসবাস করেন তিনি।
কৃষি কাজের পাশাপাশি মৌসুমি আম বাগান কিনে ব্যবসা করে কোন রকম সংসার পরিচালনা করেন তিনি। কিন্তু কয়েকদিন আগে ঘটে যাওয়া আম্পান ঝড়ে সব হারিয়ে এখন নিঃস্ব প্রায়। তার বাড়িতে গিয়ে দেখা গেছে বসতবাড়ির ২টি ঘরের মধ্যে একটি সম্পূর্ণ ভেঙে নষ্ট হয়ে গেছে। অপরটি একবারে লন্ডভন্ড হয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছেন তারা।
পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। পরিবারটি দেবহাটা ও সখিপুর ইউনিয়নের সীমান্তবর্তী এবং খালের পাড়ে হওয়ায় প্রশাসন সহ জনপ্রতিনিধিরা সে দিকে ভ্রæক্ষেপ করেনা বলেও জানান স্থানীয়রা । সে কারণে এখানের মানুষেরা অসহায় ও মানবেতর জীবন যাপন করে আসছে। মনিরুল ইসলাম জানান, ‘ঝড়ে আমার বসত ঘর, রান্নাঘর সহ সবকিছু শেষ হয়ে গেছে। এমনকি আমার কেনা আম বাগানের সব আম পড়ে যেয়ে সকল পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি।
পরিবারের সদস্যদের নিয়ে আমি এখন অনাহারে অসহায় জীবন যাপন করছি। আমার সামর্থ্য না থাকায় মাটির তৈরি ঘরে বসবাস করি। কিন্তু ঝড়ে মাটির ঘর ভেঙে যাওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি ভাবে যদি গৃহ নির্মাণ করে দেয় তাহলে আমার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে জীবন যাপন করতে পারব’। এমতাবস্থায় অসহায় পরিবারের পাশে সরকারি, বে-সরকারি ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অনুরোধ জানিয়েছেন দেবহাটা উপজেলার সচেতনমহল।

Leave a Reply