কৃষকদের উৎপাদিত ধানের লাভজনক মূল্য নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে কৃষকদের উৎপাদিত ধানের লাভজনক মূল্য নিশ্চিত, খেতমজুরদের সারা বছরের কাজ, রেশনিং ব্যবস্থা চালু, কৃষক ও বর্গাচাষিদের সুদমুক্ত ঋণদানসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন সাতক্ষীরার ব্যানারে সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১ সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের ওয়ার্কাস পার্টির ছাদের উপর উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জাতীয় কৃষক সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সাবীর হোসেন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ময়নুল হাসান, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা জেলা সভাপতি অজিত কুমার রাজবংশী, সাধারণ সম্পাদক নির্মল সরকার, বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বর্তমান বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধানের লাভজনক মূল্য নিশ্চিত, কৃষি ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, খেতমজুরদের সারা-বছরের কাজ, রেশনিং ব্যবস্থা চালু, কৃষক ও বর্গাচাষিদের সুদমুক্ত ঋণ, ১২০০ টাকা ধানের মূল্য নির্ধারণ, উৎপাদিত ৫০% ধান কৃষক ও বর্গাচাষির নিকট থেকে ক্রয়ের জোর দাবি জানান।

Leave a Reply