সাতক্ষীরায় আড্ডাবাজদের আস্তানা খুঁজতে কাজ করছে পুলিশের ড্রোন
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সাতক্ষীরায় আড্ডাবাজি বন্ধে ড্রোন ক্যামেরা ব্যবহার করছে জেলা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কলারোয়া থানা পুলিশ এ ড্রোন ব্যবহার কার্যক্রম শুরু করেন। ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও ও ছবি ধারণ করে আড্ডাবাজদের আস্তানা চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। কোথাও চায়ের দোকান বা কেউ অকারণে বাইরে এসে আড্ডা দিলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির-উল-গিয়াস জানান, ‘করোনা ভাইরাস সংক্রমণের কবল থেকে সকলকে নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ড্রোনের ব্যবহার শুরু করা হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে আড্ডাবাজদের আস্তানা চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’।
তিনি আরও জানান, ‘করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। এরপরও যারা বাইরে ঘোরাঘুরি করবে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে’।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) জানান, ‘আড্ডাবাজদের আস্তানা খুঁজে বের করতে অভিযান অব্যাহত থাকবে। সকলে বাসায় থাকুন, নিরাপদ থাকুন’।

Leave a Reply