ফিংড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আবাসন গ্রামে নিম্ন-আয়ের ১শ’ ৬০টি পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় সরকারি বরাদ্দকৃত ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, তেল, লবণ ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বাইরে বের হবেন না। আমরা সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি। প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বাহিরে বের হলে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। করোনা ভাইরাস প্রতিরোধে সবাই হোম কোয়ারেন্টিন মেনে চলুন ও সচেতন হোন। তাহলে আপনি ভাল থাকবেন এবং দেশ ভাল থাকবে। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইয়ারুল হক, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ফিংড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, আফসার উদ্দীন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply