ভোমরায় চালকের আসনে হেলপার: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থলবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবিত্রী রানী দাস (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময় তার মেয়ে পিংকি দাস (৫) মারাত্মক আহত হয়। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে ভোমরা স্থল বন্দরের ৩নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিত্রী রানী দাস সাতক্ষীরা শহরের রাজাবাগান এলাকার রাম প্রসাদ দাসের স্ত্রী ও ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের দুর্গাপদ দাসের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবিত্রী রানী তার বাবার বাড়ি থেকে বের হয়ে ভ্যান যোগে স্বামীর বাড়ি সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থল বন্দরের ৩নং গেটের কাছে পৌঁছালে একটি বাংলাদেশি ট্রাক (যশোর-ট-১১-১৭১৫) পিছনে যাওয়ার সময় ভ্যানে ধাক্কা লাগে। এ সময় ওই গৃহবধূ সড়কের উপর ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।
নিহত সাবিত্রীর শিশু কন্যা পিংকি দাসকে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ট্রাকটি ফেলে রেখে এর হেলপার দ্রæত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’।

Leave a Reply