কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল গ্রামের মৃত নির্মল কর্মকারের ছেলে প্রভাস কর্মকার থানায় লিখিত এজাহার দিয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, প্রভাস কর্মকারের সাথে একই গ্রামের মৃত রতন কর্মকারের ছেলে নিমাই কর্মকার (৬৭), তার স্ত্রী রেনুকা কর্মকার (৫০), ছেলে বিশ্বজিৎ কর্মকার (৩০), সুজিত কর্মকার (২৬), জগন্নাথ বিশ্বাস’র ছেলে রমেশ বিশ্বাস (৪৩) ও মৃত অশোক পালিত’র ছেলে সুকমল পালিত’র (৩২) সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত ব্যাপারে বিরোধ চলে আসছিল। যার সূত্রধরে মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৮ টার দিকে নিমাই কর্মকার গংরা পরিকল্পিতভাবে লোকজন সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রভাস কর্মকারের বাড়িতে প্রবেশ করে। এ সময় তাদের বসত বাড়ির জমিতে পাকা পিলার স্থাপন করে টিনের ছাউনিযুক্ত দো-চালা ঘর নির্মাণ করে জমি দখল করতে থাকে। ওই সময়ে প্রভাস কর্মকারের বউদি বিপাশা কর্মকার (২৪) ঘর নির্মাণ কাজে বাঁধা দিলে নিমাই কর্মকার গংরা তাকে এলোপাথাড়ি মারপিটসহ শ্লীলতাহানির ঘটনা ঘটায়। একই সময় প্রভাস কর্মকারের বড় ভাই রাম প্রসাদ কর্মকার (৪০) ঠেকাতে গেলে নিমাই গংরা তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় রড় দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় রাম প্রসাদ হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতের তর্জনী আঙুল ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায় ভুক্তভোগী প্রভাস কর্মকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply