কালিগঞ্জের বসন্তপুর ও উকশা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বসন্তপুর ও উকশা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। সোমবার ভোর রাতে এই ফেনসিডিল উদ্ধার হলেও বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা। ১৭ বিজিবি বসন্তপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. ইব্রাহিম মিয়া জানান, তার নেতৃত্বে বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় জানতে পারেন একদল চোরকারবারী ভারত থেকে বিশেষ ব্যবস্থায় কালিন্দী নদী পার করে ফেনসিডিল নিয়ে আসছে। সোমবার (২ মার্চ) ভোর ৫ টার দিকে বিজিবি সদস্যরা হাড়দ্দহ সীমান্তের ভোলা খাল এলাকায় চোরকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা নদীতে ভাসমান অবস্থায় থাকা ফেনসিডিল ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ২৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও উকশা ক্যাম্পের সুবেদার আবুল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার সকাল ৭ টার দিকে উকশা সীমান্তে অভিযান চালিয়ে ২ শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেননি। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নায়েব সুবেদার মো. ইব্রাহিম মিয়া আরও জানান, উদ্ধার হওয়া ফেনসিডিল শ্যামনগরের নীলডুমুরে অবস্থিত ১৭ বিজিবি ব্যাটালিয়নে জমা দেয়া হয়েছে। দু’টি স্থান থেকে উদ্ধার হওয়া ফেন্সিডিলের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।

Leave a Reply