নির্মাণের ৮ মাস পেরিয়ে গেলেও হস্তান্তর হয়নি আশাশুনি পরিবার পরিকল্পনা অফিস ভবন
আশাশুনি প্রতিনিধি : প্রায় ৮ মাস আগে নির্মাণ কাজ শেষ হলেও পানি সরবরাহের ব্যবস্থা চালু না হওয়ায় এখনও হস্তান্তর হয়নি আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা স্টোর কাম অফিস ভবনটি।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পৃথক ভবন না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ছোট খাট পরিসরে কোন রকমে কাজ চালান হচ্ছিল। অনেক জনবল নিয়ে পরিচালিত দপ্তরটির কাজের সুবিধার কথা বিবেচনা করে সরকার পরিবার পরিকল্পনা বিভাগের জন্য পৃথক ভবন নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেন। ২০১৮ সালের জুন মাসের দিকে নির্মাণ কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার। প্রায় ৮১ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ১ম তলায় একটি স্টোররুম ও স্টোরকিপারের জন্য একটি রুম রয়েছে। ২য় তলায় ৪টি ছোট কক্ষ ও একটি বড় কনফারেন্স রুম রয়েছে। নির্মাণ কাজ ২০১৯ সালের জুন মাস নাগাদ শেষ হওয়ার পরই ভবনটি হস্তান্তরের কথা। কিন্তু বিদ্যুৎ সংযোগ না করায় হস্তান্তর সম্ভব হয়নি। এরপর ৬ মাস লেগে যায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করাতে। গত ডিসেম্বর মাসে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা হয়। কিন্তু পানির সরবরাহ ব্যবস্থাপনা সম্পন্ন না হওয়ায় এখনও ঝুলে আছে হস্তান্তর প্রক্রিয়া। পানি সরবরাহ ব্যবস্থাপনা কাজটি এক সপ্তাহের হলেও দুই মাসেও সম্পন্ন হয়নি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পানি সরবরাহ ও বিদ্যুৎ সংযোগ না থাকায় দীর্ঘ সময় ভবনটি পড়ে থাকলেও হস্তান্তর সম্ভব হয়নি।

Leave a Reply