সাতক্ষীরায় অবৈধ ভাবে চলছে ৭৫ ক্লিনিক
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে চিকিৎসকদের স্বাস্থ্য সেবা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতাল কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার সিভিল সার্জন ডা: শাহিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাহাঙ্গির আলম, ডা: আসাদুজ্জামান, ডা: এহসেন আরা এ্যানী, ডা: কানিজ ফাতেমা, ডা: হাফিজুর রহমান, ডা: সাইফুল্লাহ আল-কাফি প্রমুখ। সিভিল সার্জন এ সময় জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান ক্রমশই উন্নতি হচ্ছে। আগে এ হাসপাতালে খুবই সীমিত সংখ্যক চিকিৎসক ছিলেন, হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে মোট ২৭ টি। এর বিপরীতে বর্তমানে সেখানে ১৩ জন চিকিৎসক রয়েছে। এখনও শুন্য পদ রয়েছে ১৪ টি। হাসপাতালটিতে তিনি যোগদানের পর চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে ১২ লাখ ৫ হাজার ৭৯৪ টাকা। যা আগের চেয়ে তিনগুন বেশি। তিনি আরো বলেন, জেলায় বেসরকারি ক্লিনিক রয়েছে মোট ৯৮ টি। এর মধ্যে সরকারী রেজিস্ট্রেশন রয়েছে মাত্র ২৩ টির। বাকি গুলো অবৈধভাবে চলছে। আর এই অবৈধ ক্লিনিক গুলোর ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, আগামী এক সপ্তাহের মধ্যে এ অবৈধ ক্লিনিকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply