কলারোয়ায় সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৪২
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ১৩ কেন্দ্রে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, স্কুল পর্যায়ে প্রাথমিকে মোট পরীক্ষার্থী ৩৫৬২ জনের মধ্যে বিভিন্ন কারণে অনুপস্থিত ৪০জন। এর মধ্যে ১৩জন ছাত্রী ও ২৭জন ছাত্র। আর মাদরাসা পর্যায়ে ইবতেদায়ীতে ৫৮১জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১০২জন। এদের মধ্যে ৩৯জন ছাত্রী ও ৬৩জন ছাত্র। ১৭নভেম্বর থেকে সারা দেশের ন্যায় কলারোয়ায় এ পরীক্ষা শুরু হয়েছে। উপজেলায় প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী ১৩টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪১৪৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণের কথা ছিল। কিন্তু উপস্থিত ছিল-৩৯৯১ জন শিক্ষার্থী। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ১৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে প্রথমদিনের পরীক্ষা সম্পন্ন হয়। অনুপস্থিত পরীক্ষার্থীদের বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফর উদ্দিন জানান, ‘প্রতি বছর বিভিন্ন কারণে অনুপস্থিত থাকলেও এ বছর বেশি সংখ্যায় অনুপস্থিত রয়েছে, এটা অনভিপ্রেত। আমি চেষ্টা করব এর কারণ খুঁজে বের করার। তবে এত অধিক পরীক্ষার্থী অনুপস্থিত হওয়ায় আমি ব্যথিত।’

Leave a Reply