চলছে নির্বিচারে শীতকালীন অতিথি পাখি নিধন: প্রশাসনের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলায় ব্যাপক হারে শুরু হয়েছে শীতকালীন অতিথি পাখি শিকারের উৎসব। শীতের শুরুতে খাদ্যের অভাবে দেশের বাহিরে থেকে বিভিন্ন প্রজাতির পাখি উপজেলার বিভিন্ন বিল এলাকায় আসতে শুরু করেছে। আর সেই সুযোগে ঘিরে পাখি শিকারিরা সরকারী আইন অমান্য করে প্রকাশ্যে পাখি শিকার করে চলেছে। এসব অতিথি পাখি গুলো ইয়ারগান, কাটিজ বন্দুক, ফাঁদ ও কীটনাশক দিয়ে নির্দ্বিধায় শিকার করছে যা দেখার কেউ নেই। শীত মৌসুমে দেশ-বিদেশ থেকে আসে হরেক রকমের অতিথি পাখি। আর এসব পাখির ডাক শুনে মন ভরে যায় সকলের। বিরল প্রজাতির এসব পাখি গুলো শিকার করে এক শ্রেণির কুচক্রীমহল। উপজেলার ঘলঘলিয়া, ভাতশালা, সখিপুর, সুবর্ণবাদ, চারকুনি, নোঁড়া, খলিসাখালি, চালতেতলাসহ বিভিন্ন বিল এলাকাগুলোতে প্রতিদিন এসব অতিথি পাখি গুলো শিকারিদের হাতে প্রাণ হারাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় বকধনু, সাইবেরিয়ান হাঁস, মানিকজোড়, সারস, আয়ালান্ডের পাখি, বিলপেঁচাসহ দেশি ও বিদেশি পাখি বিল এলাকায় খাদ্য সংগ্রহের জন্য বিচরণ করে থাকে। ঠিক তখন পাখি শিকারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে পাখি শিকার করে। পরে অনেকেই বাজারে বিক্রি ও পরিবারের মাংস হিসেবে রান্না করে। উপজেলার বিভিন্ন হাট বাজারে এসব বিদেশি পাখি গোপনে বিক্রি হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে এয়ারগান দিয়ে পাখি শিকার করছে এবং ক্রেতা পেলেই বিক্রয় করে দিচ্ছে। এসব পাখি শিকার রোধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী বলে মনে করেন সচেতনমহল। সাম্প্রতিক উত্তর সখিপুরের বাসিন্দা আব্দুল্লাহ নামের এক যুবক প্রতিনিয়ত তার দল নিয়ে বিভিন্ন এলাকায় পাখি শিকার করার পাশাপাশি সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

Leave a Reply