আজ আশাশুনিতে আশ্রয় কেন্দ্র ও দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিভিন্ন ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক নির্মিত ৩টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ১৮টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আজ (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডিজিটাল পদ্ধতিতে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক নির্মিত আশ্রয় কেন্দ্র ও ঘরগুলি উদ্বোধন করবেন। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় গ্রামীণ অবকাঠামো সংস্কারের (কাবিটা) আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে উপজেলার অসহায় ও গরিব পরিবারের জন্য ১৮টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ঘর তৈরির জন্য সরকারি বরাদ্দ ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৫শ’ ৩১ টাকা। একটি সংযোগ রাস্তাসহ ১০ ফুট বাই ১০ ফুট বিশিষ্ট দু’টি রুম এবং একটি রান্না ঘর ও ১টি টয়লেট। পরিপত্র অনুযায়ী কাজ সম্পন্ন করতে এবং কাজের গুণগত মান রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও পিআইও সোহাগ খান প্রতিনিয়ত নির্মাণ কাজ তদারকি করেন। ভিডিও কনফারেন্সে উদ্বোধনি অনুষ্ঠানটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করবে।

Leave a Reply