আশাশুনি প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অনাস্থা: ও সদস্যদের পদত্যাগ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিবের বিরুদ্ধে অনাস্থা ও কার্যকরী কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। রবিবার (২৩ জুন) বিকালে ক্লাবের সাধারণ সম্পাদক জিএম আল-ফারুকের কাছে এসংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব নির্বাচিত হওয়ার পর থেকে প্রেসক্লাবের লক্ষ্য উদ্দেশ্য ও শৃংখলা পরিপন্থি কার্যকলাপ, সাধারণ সদস্যদের সাথে অসৌজন্যমূলক ও অগঠনতান্ত্রিক আচরণ, পেশাগত স্বার্থ সংরক্ষণ না করে অপসংবাদিকতা, যথাসময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থতা, প্রেসক্লাবের আয়-ব্যয় নিজের খেয়াল খুশিমত করা, আর্থিক হিসাব নিকাশ না দেওয়া, হিসেব চাইলে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করাসহ হুমকি প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নিকট থেকে অর্থ আদায় করে যথসামান্য খরচ করে বাকি টাকা পকেটস্থ করা, প্রেসক্লাবকে নিজের স্বার্থে ব্যবহার করা, তিনি যতদিন সভাপতি আছেন ততদিন কোন গণতন্ত্র থাকবে না বলে আস্ফালন করা, নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে প্রেসক্লাবের ১৭ জন সদস্যের মধ্যে ১২ জন সদস্য স্বাক্ষর করে তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছেন। সাথে সাথে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ৮ জন সদস্য পদত্যাগ করেছেন।
এর আগে পদত্যাগকারী ও অনাস্থা প্রস্তাবাকারী সদস্যরা প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের বাস ভবনে গিয়ে তার সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এরপর তারা প্রেসক্লাবে গিয়ে সেক্রেটারীর নিকট এসংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করেন। সেক্রেটারী কাগজপত্র গ্রহণ করেন এবং এব্যাপারে যা কিছু করণীয় তিনি তা করবেন বলে সকলকে জানান।
স্বাক্ষরকারী সদস্যরা হলেন বোরহান বুলু, সচ্চিদানন্দদে সদয়, আঃ আলিম, এস কে হাসান, আকাশ হোসেন, গোলাম মোস্তফা, বাহবুল হাসনাইন, মাসুদুর রহমান, হাসান ইকবাল মামুন, গোপাল কুমার মন্ডল, জি এম মুজিবুর রহমান ও সমীর রায়।

Leave a Reply