আশাশুনি সদরের ক্ষতিগ্রস্ত দয়ারঘাট বেড়িবাঁধ পরিদর্শন করেছেন ইউএনও
আশাশুনি প্রতিনিধি : দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর আশাশুনি সদরে চরম ক্ষতিগ্রস্ত দয়ারঘাট বেড়ী বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। মঙ্গলবার (১১ জুন) সকালে তিনি আশাশুনি সদরের দয়ারঘাট গ্রামের পানি উন্নয়ন বোর্ডের চরম ক্ষতিগ্রস্ত ভাঙ্গন কবলিত বেড়িবাঁধটি পরিদর্শণ করেন।
যুগের পর যুগ ধরে এ বাঁধটি আশাশুনি সদরবাসীর গলার কাঁটার মত বিধে আছে। প্রতিবছর বাঁধটির কোন না কোন স্থানে পানি ওভার ফ্লো বা কিছু অংশ ভেঙ্গে ভিতরে পানি ঢোকে বা আতঙ্কের কারণ হয়ে দেখা দেয়। বাঁধটি রক্ষার জন্য স্থায়ী কোন পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। প্রতি বছর সামান্য কিছু কাজ করা হলেও তেমন কোন উপকারে আসেনা। বর্তমানে বাঁধের একটি বড় অংশের অবস্থা খুবই নাজুক অবস্থায় আছে।
এর মধ্যে নিমাই মন্ডল, শ্মশাণ শীল, পরিতোষ বিশ্বাস, সুন্দরবন হ্যাচারী ও আব্দুর হাদীর মৎস্য ঘের সংলগ্ন এলাকায় কোথাও কোথাও পৌনে ১ হাত বা একহাত মত বাঁধ টিকে আছে। পুরো বাঁধটি খুবই নাজুক হয়ে পড়েছে। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত বাঁধটি সরেজমিন পরিদর্শন করে ইউএনও মীর আলিফ রেজা শঙ্কিত হয়ে পড়েন। তিনি বাঁধটি রক্ষার্থে স্থায়ী ও টেকসই ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে ইতিপূর্বেও অবহিত করেছেন এবং আবারো জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে স্থানীয়দের আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply