শ্যামনগরে আইলা দিবস পালিত : টেকসই ও পরিকল্পিত বেড়িবাঁধ দাবি
গাজী আল ইমরান, শ্যামনগর: শ্যামনগরে আইলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা এনজিও সমন্বয় পরিষদ ও জলবায়ু পরিষদের আয়োজনে নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক ই এলাহী। এসময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এ অঞ্চলের মানুষকে বাঁচাতে দরকার টেকসই ও পরিকল্পিত বেড়িবাঁধ।
উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি আখতারুজ্জামান শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। তিনি বলেন, আজ আইলার ১০ বছর পূর্তি হলেও এখনও আইলার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি এ অঞ্চলের মানুষ। উপজেলার নদী সংলগ্ন ইউনিয়ন গাবুরা, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, কৈখালী ও রমজাননগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব হয়ে উঠেনি। ফলে প্রাকৃতিক দুর্যোগের নাম শুনলেই আতংকে থাকে গাবুরা পদ্মপুকুরের মানুষেরা। তিনি আরও বলেন, ফণী পরবর্তী সময়ে দুজন মন্ত্রী এসেছিলেন। তখন এই অঞ্চলের মানুষ টেকসই বেড়িবাঁধ এবং সাইক্লোন শেল্টারের দাবি জানায়। আশাকরি এখানকার মানুষের কল্যাণে অবশ্যই সেদিনের কথা পাথেয় হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের সদস্য ও সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পাউবোর শাখা কর্মকর্তা সাজ্জাদুল রহমান, নকিপুর হরিচরণ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, জলবায়ুু পরিষদের সদস্য সাংবাদিক শিক্ষক রনজিত বর্মন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, জলবায়ু পরিষদের সদস্য হারুন-অর-রশিদ, জলবায়ু পরিষদের সদস্য শাহানা হামিদ, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, সামসের পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, প্রেরণার পরিচালক স্বপ্না ঘোসামী ছাড়াও বারসিক, প্রগতি, ফ্রেন্ডশিপ, সিএসআরএল, উত্তরণ, লিডার্স, এনজিএফ, ওয়ার্ল্ড ভিশন, সিসিডিবি, ইসলামিক রিলিফ, রূপান্তর, সিডিও, রিব, ফিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply