সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশির মৃত্যু
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ’র নির্যাতনে কবীরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে তার উপর নির্যাতন চালায় বিএসএফ।
নিহত কবীরুল ইসলাম কুশখালী গ্রামের আজিজ মোল্লার ছেলে।
কবীরুল ইসলামের চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, কবীরুল অভাবের তাড়নায় ওপারের মালামাল এনে বিক্রি করে। ওপারের কারবারীরা মাল এনে জিরো পয়েন্টে দিয়ে যায়, এরা জিরো পয়েন্ট থেকে তা দেশের ভেতরে নিয়ে আসে। শুক্রবারও সে ভারতীয় চা পাতা, শ্যাম্পু, চুরিসহ বিভিন্ন মালামাল আনতে যায়। মাল নিয়ে ফেরার পথে বিএসএফ’র হাতে আটক হয় কবীরুল। এসময় তাকে বেদম মারপিট করে মৃত ভেবে গালে পেট্রোল ঢেলে দিয়ে বাংলাদেশের পারে ফেলে রেখে যায় বিএসএফ। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুশখালী বিওপির কমান্ডার হাবিলদার মাহমুদ শরীফ জানান, এ ব্যাপারে তারা কিছু জানেন না।
Leave a Reply