পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর থানা চ্যাম্পিয়ন
রাইয়ান সাকিল: সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ আন্তঃথানা ভলিবল টুর্নামেন্টে শ্যামনগর থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সদর থানা। এরই সাথে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে তারা।
সোমবার (৬ মে) বিকেল ৪টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্যামনগর থানাকে ৩-২ সেটে পরাজিত করে সাতক্ষীরা সদর থানা।
ফাইনাল খেলার প্রথম সেটে সাতক্ষীরা সদর থানাকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে এগিয়ে যায় শ্যামনগর থানা। এরপর দ্বিতীয় সেটে ২৫-১৪ পয়েন্টে জয় পায় সাতক্ষীরা থানা। তৃতীয় সেটে ২৫-১৭ পয়েন্টে জয় তুলে নেয় শ্যামনগর থানা। তারপর শেষ দুই সেটে ভয়ংকর রূপ ধারণ করে সাতক্ষীরা সদরের খেলোয়াড়রা। চতুর্থ সেট ২৫-১৮ ও পঞ্চম সেট ১৫-১১ পয়েন্ট নিয়ে ৩-২ সেটে শ্যামনগর থানাকে হারিয়ে প্রথমবারের মতো পুলিশ সুপার কাপ আন্তঃথানা ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় সাতক্ষীরা সদর থানা। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার হরশীত। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, প্রথম সেমিফাইনালে আশাশুনি থানাকে ৩-০ সেটে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে সাতক্ষীরা সদর থানা। এরপর দ্বিতীয় সেমিফাইনালে দেবহাটা থানকে ৩-১ সেটে পরাজিত করে ফাইনালে উঠেছিল শ্যামনগর থানা।
খেলা শেষে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান বাবু, নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন, রুহুল আমিন, খন্দকার আরিফ হাসান (প্রিন্স), কাজী কামরুজ্জামান, জয়নুল আবেদীন (জসি) প্রমুখ।

Leave a Reply