ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর
শ্যামনগর প্রতিনিধি: মানুষের জানমালের নিরাপত্তায় ১৫ দিনের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় টেকসই বেড়িবাঁধ নিমার্ণ ও আরও ৪০টি সাইক্লোন সেল্টার নির্মাণের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। রোববার (৫ মে) ঘূর্ণিঝড় ফণী দুর্গত এলাকা হিসেবে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীর জরাজীর্ণ বেড়িবাঁধ পরিদর্শনকালে তিনি এই আশ্বাস দেন। তিনি বলেন, এখানকার মানুষের দাবি অনুযায়ী ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণকেই বেশি গুরুত্ব দেওয়া হবে।
এর আগে তিনি স্পিড বোডে খোলপেটুয়া নদীর ঝুঁকিপূর্ণ ও ফাটল ধরা ২৭টি পয়েন্ট পরিদর্শন করেন। এসময় স্থানীয় সিডিও ইয়ুথ টিমের সদস্যরা ‘ত্রাণ নয়, জীবন চাই’, ‘ত্রাণ নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কর’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে। এসময় সিডিও ইয়ুথ টিমের সদস্যরা “ত্রাণ নয়, জীবন চাই, ত্রান নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা” সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্র্ড প্রদর্শন করে।
এসময় পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম বলেন, আমরা সব স্থানে না যেতে পারলেও এলাকা ঘুরে দেখেছি, যে জায়গাগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেগুলো তাৎক্ষণিকভাবে ডাম্পিং এর মাধ্যমে দু একদিনের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দিয়েছি। এখানকার মানুষের দাবি অনুযায়ী ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। এছাড়া বেড়িবাঁধ আরো উচু করা হবে।
তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই এলাকায় উন্নতভাবে বেড়িবাঁধ নির্মাণে বাজেট বিষয়ে চূড়ান্ত করা হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম শুরু হবে।
বেড়িবাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য স ম জগলুল হায়দার, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভারপ্রাপ্ত ইউএনও সুজন সারকার, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ফণী দুর্গত এলাকা পরিদর্শনে বেলা সাড়ে ১১টায় আকস্মিক সফরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে শ্যামনগরে আসেন তারা। গাবুরায় নৌ বাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনের কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা সেখানে যাননি।

Leave a Reply