জ্বীন তাড়ানোর নামে গৃহবধূর মুখ আগুন দিয়ে ঝলসে দিল ভণ্ড কবিরাজ!
কালিগঞ্জ প্রতিনিধি: জ্বীন তাড়ানোর নামে তাছরিনা খাতুন (২১) নামে এক গৃহবধূর মুখ আগুন দিয়ে ঝলসে দিয়েছে ভ- কবিরাজ। তাছরিনা খাতুন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের তফুর আলী গাজীর মেয়ে।
গুরুতর আহত তাছরিনার পিতা তফুর আলী গাজী জানান, প্রায় দু’বছর আগে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জাদাখালি গ্রামের মৃত সুরোত গাজীর ছেলে আজিজুর রহমানের সাথে বিয়ে হয় তাছরিনার। বর্তমানে তাছরিনার দেড় মাস বয়সের একটি ছেলে সন্তান আছে।
তিনি আরও জানান, বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তাছরিনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গত শনিবার (৪ মে) সকালে তাছরিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে স্বামী, শ্বাশুড়ি ও ননদ তাছরিনার উপর জ্বীনের প্রভাব আছে বলে জনৈক দানকারী নামে এক ভণ্ড কবিরাজের কাছে নিয়ে যায়। ওই কবিরাজ জ্বীন তাড়ানোর নামে তাছরিনার মুখে কাঁথা দিয়ে আগুন ধরিয়ে দিলে তার মুখ ঝলসে যায়। বিষয়টি জানতে পেরে তার পিতা কৈখালীর জাদাখালিতে গিয়ে গুরুতর আহত অবস্থায় মেয়েকে নিয়ে এসে রোববার (৫ মে) দুপুরের দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুপ কুমার বসু জানান, তাছরিনার মুখ আগুনে ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি।
এদিকে, অসহায় পিতা চিকিৎসা ব্যয় বহনের অক্ষমতার কারণে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যন্ত্রণাকাতর মেয়েকে নিয়ে বিকেলে বাড়ি চলে গিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply