কালিগঞ্জে সন্ত্রাসী নোবা সরদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নওয়াব আলী ওরফে নোবা সরদার (৫২) নামে এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ মে) ভোর ৫টার দিকে উপজেলার ভাড়াশিমলা এলাকার মূল সড়কের পাশে সুলতানের মোড় নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তলসহ গুলি, শাবল ও রাম দা উদ্ধার হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সুলতানের মোড়ের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা থানায় খবর দেয়। পরবর্তীতে থানার উপ-পরিদর্শক মনির তরফদার ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসময় এলাকাবাসী নিহত ব্যক্তি নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত ঠান্ডু সরদারের ছেলে নোবা সরদার বলে শনাক্ত করেন।
লাশের পাশ থেকে একটি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা, একটি শাবল ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে। তার বুকে দু’টি গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, নোবা সরদার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্বে উভয়পক্ষের বন্দুকযুদ্ধে নোবা সরদার নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, নোবা সরদার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত ভূমিহীন জনপদ বৈরাগির চকে বসবাস করে খুন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছিল।
এদিকে, নিহতের ছেলে লিটন সরদার জানান, বুধবার (১ মে) সকাল ১০টার দিকে কাশিবাটির আব্বাসের মোড় নামক স্থান থেকে পুলিশ তার পিতাকে তুলে নিয়ে যায়। পরে থানায় পিতার খোঁজ নিতে গেলে পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করে। সেই সময় থেকে তিনি নিখোঁজ ছিলেন।

Leave a Reply