দেবহাটার সেকেন্দ্রায় দুটি দোকানে আগুন, অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে
এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটার সেকেন্দ্রায় একটি চায়ের দোকান ও একটি ফলের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিস্টদের।
সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চায়ের দোকানদার উত্তর পারুলিয়া-সেকেন্দ্রা গ্রামের রুহুল আমিন জানান, প্রতিদিনের ন্যায় তিনি চা বিক্রি করে সব কিছু গুছিয়ে রাত ১টার দিকে বাড়িতে যান। রাত প্রায় আড়াই টার দিকে সেকেন্দ্রা মসজিদের ইমাম দোকানটি আগুনে পুড়তে দেখে খবর দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মসজিদের মাইকে ঘোষণা দেন। এসময় দোকানের ভিতরে থাকা টিভি, গ্যাস সিলিন্ডার-চুলা, সোকেজসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
একই সময়ে আগুন লাগে চায়ের দোকানটির পাশে অবস্থিত ফলের দোকানে।
ফলের দোকানদার উত্তর পারুলিয়া গ্রামের অহাব আলীর ছেলে জাহিদ আলম জানান, তিনি ফল ও কাঁচা তরকারি বিক্রি করেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে মসজিদের মাইকে প্রচার শুনতে পেয়ে দোকানে ছুটে আসি। পৌঁছে দেখি পাশের দোকান থেকে আগুন লেগে আমার দোকানের অর্ধেকসহ দোকানের ভিতরে থাকা মালামাল পুড়ে গেছে।
এদিকে, চায়ের দোকানদার রুহুল আমিন দাবি করেন, গত দুই সপ্তাহ আগে স্থানীয় ইউপি সদস্য সাহেব আলীর সাথে গাছ কাটাকে কেন্দ্র করে তার ঝামেলা হয়। সেসময় ইউপি সদস্য সাহেব আলী তাকে মারপিট করে এবং দোকানটি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এবিষয়ে ইউপি সদস্য সাহেব আলী বলেন, আমাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে দোষ দেওয়া হচ্ছে। আমি তাকে কখনো হুমকি দেয়নি। আমাকে আইনের চোঁখে অপরাধী সাজাতে এমন অপপ্রচার দেওয়া হচ্ছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply