ভেটখালী বাজারে রাস্তার কাজে অনিয়ম, ধীর গতিতে অতিষ্ঠ এলাকাবাসী
নূরুন্নবী ইসলাম ইমন, রমজাননগর: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে রাস্তার কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া কচ্ছপ গতিতে কাজ চলায় ভোগান্তিতে পড়ছে মানুষ। যেন দেখার যেন কেউ নেই। এ বিষয়ে ইতোমধ্যে ভেটখালী বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ করেছে। যদিও এর কোন প্রতিকার এখনো পায়নি এলাকাবাসী।
অভিযোগের কপি ও সরেজমিনে গিয়ে দেখা যায়, এলজিইডি কর্তৃক ভেটখালী বাজার থেকে সুন্দরবন বাজার পযর্ন্ত রাস্তা কার্পেটিং চলছে। ইতোপূর্বে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে ভেটখালী বাজার থেকে সুন্দরবন রাস্তাটি সম্পন্ন হলেও পড়ে থাকে ভেটখালী বাজারের মেইন সড়কটি। দীর্ঘ কয়েক মাস ভেটখালী রাস্তার সংস্কার কাজ বন্ধ থাকার পরে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আলাপ আলোপনা স্বাপেক্ষে সংস্কার কাজ পুনরায় শুরু হয়। প্রথমে মাটি দিয়ে রাস্তার চারপাশে বাঁধ সৃষ্টি করা হয়, ফলে বৃষ্টির পানি আর জমাট বাঁধা কাদায় অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ। সম্প্রতি রাস্তায় বালি ফেললেও দীর্ঘ দিন পানি না দেওয়ায় ব্যবসায়ী ও পথচারীরা পড়ে নতুন বিপাকে।
রাস্তাটির পাশে মুদি, বেকারী, হোটেল, কম্পিউটার, ফলসহ নানা ধরনের দোকান অবস্থিত।
বর্তমানে রাস্তায় ব্যবহার করার জন্য যে খোয়া আনা হয়েছে তা সম্পূর্ণ ব্যবহারের অনুপোযোগী। ইট আর খোয়া রাস্তার মাঝ বরাবর রাখায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে যানবাহন। দীর্ঘ দুই মাসের অধিক সময় অতিবাহিত হলেও রাস্তার কাজ সম্পন্ন হচ্ছে না। ঠিকাদারদের বার বার অবগত করা হলেও আমলে নিচ্ছে না তারা।
এ বিষয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বলেন, অনুপোযোগী কোন মালামাল দিয়ে রাস্তা সংস্কার করতে দেওয়া হবে না এবং বিষয়টি আমি ইঞ্জিনিয়রকে বলছি যাতে রাস্তাটি দ্রুত সংস্কার হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, কাজটি আমাদের না। তবে বিষয়টি আমি দেখব। আপনারা এলজিইডি কর্তৃপক্ষদের অবগত করেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. সামসুল হক বলেন, কাজটি আমাদের না। আপনারা রোড কর্তৃপক্ষকে জানান।
প্রত্যেক দপ্তর দায় এড়ানোয় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

Leave a Reply