নৌকায় ভোট দেওয়ায় হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: “নৌকার পক্ষে কাজ করেছিলাম। আর নৌকায় ভোটও দিয়েছিলাম। এ কারণে আমাদের ওপর হামলা হয়েছে। আমাকে মারপিট করা হয়েছে। আমার ইউনিয়ন চেয়ারম্যানকেও পিটানো হয়েছে। আমরা এখনও আতংকিত।”
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কথা বলেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বিষ্ণুপুর ইউপি আওয়ামী লীগের সম্পাদক নিরঞ্জন কুমার পাল।
তিনি বলেন, জামায়াতের অর্থদাতা ও ২০১৩ সালের সহিংসতায় নেতৃত্বদানকারী শ্রীরামপুর গ্রামের জামায়াত নেতা রফিকুল ইসলাম ও সিরাজুল মেম্বর এলাকায় ত্রাস সৃষ্টি করছে। মহান স্বাধীনতা দিবসে তাদের ইন্ধনে বিষ্ণুপর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চুকে দিদার নামের এক ব্যক্তি লাঞ্ছিত করে। তাদের ইন্ধনে ও এক নেতার নেতৃত্বে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিনের ওপর হামলা করে জখম করা হয়। এর প্রতিকার দাবি করে নিরঞ্জন পাল বলেন, আমাদের একটাই দোষ আমরা নৌকার পক্ষে কাজ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শের বাইরে কাউকে সমর্থন করিনি। এ কারণেই নৌকার বিরোধীতাকারীরা হামলা করছে। তিনি বলেন, আমরা ভীত, আতংকিত। তাই নৌকার পক্ষে কাজ করা কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা স্বাভাবিকভাবে বের হতে পারছি না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল কুমার মন্ডল, আবুল বাশার, আবদুর রাশেদ ঢালি, অসীম রায়, ইদ্রিস আলি ঢালি, আশিক ইকবাল, নিরাপদ ঘোষ, নির্মল বসাক, মো. শাহ আলম প্রমুখ।

Leave a Reply